বাগেশ্বর বাবাকে ‘ধূর্ত, ভণ্ড, পাগল’ বলে আক্রমণ! এবার হঠাৎ সুর বদল রামদেবের, কী বললেন যোগগুরু?
বাগেশ্বর বাবা ওরফে ধীরেন্দ্র শাস্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন যোগগুরু বাবা রামদেব। তাঁকে ধূর্ত, ভণ্ড এবং পাগল বলেও কটাক্ষ করেছিলেন তিনি। সেই মন্তব্য ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। তবে এবার বাগেশ্বর বাবাকে নিয়ে নিজের অবস্থান কিছুটা স্পষ্ট করলেন রামদেব। জানালেন, বাগেশ্বর তাঁর ছোট ভাইয়ের মতো। নিজের মানুষ মনে করেই তাঁকে বকেছিলেন। রামদেবের কথায়, তাঁর এই বকুনিকে ভালবাসা হিসাবেই গ্রহণ করেছেন বাগেশ্বর।সম্প্রতি একের পর এক বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন বাগেশ্বর বাবা। রাম ও কৃষ্ণের তুলনা করতে গিয়ে শ্রীকৃষ্ণকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি। তাঁর বক্তব্য ঘিরে ক্ষোভ ছড়ায় বিভিন্ন মহলে। রামের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, রাম সোজা পথে চলেন এবং তাঁর কাজেও সরলতা রয়েছে। অন্য দিকে, কৃষ্ণের মূর্তিতে তাঁর বাঁকা হয়ে দাঁড়ানোর ভঙ্গি এবং হাতে বাঁশি থাকার বিষয়টি নিয়ে কটাক্ষ করেন বাগেশ্বর। তাঁর দাবি, বাঁশির চেয়ে রামের ধনুকের গুরুত্ব অনেক বেশি।এই মন্তব্যের পরেই সমালোচনার মুখে পড়েন বাগেশ্বর বাবা। এর আগে কলকাতায় এসে দুর্গাপুজোর সময় আমিষ খাবার খাওয়া মানুষদের ভণ্ড বলেও বিতর্কে জড়িয়েছিলেন তিনি। তাঁর সেই মন্তব্যে বাঙালির ধর্মীয় ও সাংস্কৃতিক ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ ওঠে।বাগেশ্বরের এই ধরনের মন্তব্যের বিরুদ্ধেই সরব হয়েছিলেন বাবা রামদেব। তিনি বলেছিলেন, কিছু মানুষ বেদ, দর্শন, উপনিষদ, কোরান, রামায়ণ কিংবা মহাভারত সম্পর্কে না জেনেই নানা মন্তব্য করেন। এমনকি সংবিধান ও গণতন্ত্র সম্পর্কেও তাঁদের যথেষ্ট জ্ঞান নেই। অথচ তাঁরাই আবার সনাতন ধর্ম ও হিন্দু ধর্মকে রক্ষা করার কথা বলেন। রামদেবের কটাক্ষ, আগে নিজেদের সামলানো উচিত।শুধু তাই নয়, কোনও দেবদেবীর মধ্যে তুলনা করা বা কাউকে ছোট করে দেখানো উচিত নয় বলেও মন্তব্য করেন যোগগুরু। তাঁর বক্তব্য, সনাতন ধর্মের নামে কোনও ভণ্ডামি করা কিংবা দেবদেবীদের অসম্মান করার অধিকার কারও নেই। এই প্রসঙ্গেই বাগেশ্বরকে ধূর্ত, ভণ্ড ও পাগল বলে আক্রমণ করেছিলেন তিনি।তবে এবার সেই কড়া অবস্থান থেকে কিছুটা সরে এসে বাগেশ্বরের প্রতি নিজের স্নেহের কথা তুলে ধরেছেন রামদেব। তাঁর কথায়, বাগেশ্বর তাঁর ছোট ভাইয়ের মতো। এমনকি সন্তানের মতোও তাঁকে স্নেহ করেন তিনি। নিজের শিষ্যের মতো মনে করেন তাঁকে। বাগেশ্বরের কিছু ভুল দেখেছিলেন বলেই তাঁকে বকেছিলেন। সেই ভুলে তিনি নিজেও কষ্ট পেয়েছিলেন বলে জানিয়েছেন যোগগুরু।রামদেব আরও বলেন, তিনি আশা করেন, বাগেশ্বর তাঁর তিরস্কারকে ভালবাসা হিসাবেই গ্রহণ করেছেন। আর বাগেশ্বরও সেই ভাবেই বিষয়টি নিয়েছেন। তাই এই নিয়ে আর নতুন করে কোনও বিতর্ক তৈরি করা উচিত নয় বলে মনে করেন তিনি।একই সঙ্গে দুই পক্ষের সমর্থকদেরও শান্ত থাকার বার্তা দিয়েছেন রামদেব। তাঁর মতে, এই ঘটনা নিয়ে সমর্থকদের মধ্যে বিবাদ বাড়ানো ঠিক নয়। দুই ধর্মগুরুর মন্তব্য ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা আর এগিয়ে নিয়ে যেতে চান না তিনি। ফলে বাগেশ্বরকে আক্রমণের পর রামদেবের এই নতুন মন্তব্যে বিতর্কে আপাতত অন্য মোড় এসেছে।

